সাতক্ষীরার সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ আল মামুন ২০২১ সালের আলিম পরীক্ষার্থী ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে এ দূর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার মাথা এক পাশে চেপে গিয়েছিল এবং একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসারত অবস্থায় আজ (শুক্রবার) সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. মিজানুর রহমান প্রয়াত হাফেজ আব্দুল্লাহ আল মামুনের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এক শোকবার্তায় তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মু. আব্দুল আলিম বলেন, মেধাবী এ শিক্ষার্থীর আকস্মিক প্রয়াণ কষ্ট ও বেদনার। তাঁর পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন। তাঁর প্রয়াণে একটি সম্ভাবনার মৃত্যু ঘটল। এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাস জুড়ে।
আব্দুল্লাহ আল নাঈম, ক্যাম্পাস করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















