কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ের প্রলোভনে দাখিল পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (দালালীটারী ) গ্রামে।
অভিযোগে জানা যায়, ওই গ্রামের দাখিল পরীক্ষার্থীর সাথে একই ইউনিয়নের দক্ষিন সোনাইকাজি গ্রামের খোশবর আলীর ছেলে ফরহাদ মিয়া চাঁদ (২০) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন ফরহাদ মিয়া বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে।
সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বও রাতে দিকে ওই ছাত্রীর মা বাড়ীতে না থাকার সুবাদে ফরহাদ তার ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক আবারও তাকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রী কান্নাকাটি করলে খুব শীঘ্রই তাকে বিয়ে করবে বলে জানায় ফরহাদ। ছাত্রীর কান্নার শব্দ ও দুজনের কথাবার্তায় আশপাশের লোকজন টের পেয়ে ফরহাদকে ওই ছাত্রীর ঘর থেকে হাতেনাতে আটক করে। ছেলে আটক হওয়ার খবর শুনে তার পরিবারের লোকজন এসে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক ফরহাদকে ছিনিয়ে নিয়ে যায়। পরে গত রবিবার ওই ছাত্রী নিজে বাদী হয়ে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করে।
ওই ছাত্রীর মা জানান, ফরহাদ আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত ফরহাদ মিয়া চাঁদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমদাদুল হক মিলন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট ফুলবাড়ী ( কুড়িগ্রাম) 


















