গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সৈকত স্পেশাল নামের একটি বাস ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসযাত্রী মোকছেদুল ইসলাম (২২) নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাকোয়া ব্রিজ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদুল ইসলাম রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সৈকত স্পেশাল (ঢাকা-মেট্রো-ব-১১-৫৯২২) পরিবহনটি ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাকোয়া ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির জানালা ঘেষে বসে থাকা যাত্রী মোকছেদুল ঘটনাস্থলেই নিহত হয়।
পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, নিহতের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। বাসটি থানা হেফাজতে রয়েছে। চালক ও হেলপার পালিয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















