দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে সাঁতার না জানায় পুকুরে ডুবে সাকিব ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ওসি আমিনুল ইসলামের পারিবারিক পুকুরে ঘটেছে। মৃত সাকিব রংপুর জেলার সদর উপজেলার কেরানীপাড়ার এস আই মরিুজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রংপুর সদর থানার ওসি (ডিবি) আমিনুল ইসলামের ছেলে শুভর সঙ্গে তার দুই বন্ধু দুপুর ১২টায় পুকুরে গোসল করতে নামে এবং গোসলের দৃশ্য মুঠোফোনে তুলতে তুলতেই পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় বাড়ির কাজের মেয়ে পুকুরে ডুবে যাওয়া দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এসময় আশেপাশের লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে তারা সুস্থ হয়।
থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, গত মঙ্গলবার রংপুর সদর থানার ওসি (ডিবি) আমিনুল ইসলাম পরিবারসহ তার ছেলে ও দুই বন্ধু গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। গত বুধবার ওসি (ডিবি) আমিনুল ইসলাম কর্মস্থলে ফিরে গেলে তার ছেলে ও বন্ধুরা থেকে যায়। এরপর বৃহস্পতিবার পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় সাকিব নামে এক বন্ধু তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















