লালমনিরহাটের হাড়িবাঙ্গায় বেপরোয়া মালবাহী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে। এতে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ঘুমিয়ে থাকা ১৪ জন শিক্ষার্থী আহত হয়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে মালামাল বোঝাই ওই ট্রাকটি রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে মাদ্রাসার দেয়ালে ধাক্কা খায়। পড়ে মাদ্রাসার দেয়াল ভেঙে ঘুমন্ত শিক্ষার্থীদের শরীরে পড়ে। এতে ১৪ জন শিক্ষার্থী আহত হয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে গুরুতর আহত মুরসালিন (১২) নোমান (১১) সহ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাড়িভাঙ্গা তা’লিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রধান হাফেজ মো. নুর আলম সিদ্দিক জানায়, মহাসড়ক থেকে মাদরাসাটি ৫ ফিট কাছে হওয়ায় ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কর্তৃপক্ষ মাদরাসার সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দিলে ঝুঁকি কমবে।
মাদরাসা প্রধান মো. নুর আলম সিদ্দিক আরও জানান, মাদরাসা ৫ তলা ভবনের ভিত্তি দেওয়ার কাজ হয়েছে। কিন্তু অর্থের সংকটে কাজের গতি কম। স্থানীয় ও সরকারিভাবে সহায়তার হাত বাড়ালে নতুন ভবনে শিক্ষার কার্যক্রম শুরু হলে ঝুঁকি কমবে।
মাদ্রাসার ছাত্ররা জানায়, মাদ্রাসাটি মহাসড়কের সাথে অবস্থিত হওয়ায় তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকে। কর্তৃপক্ষ যেন তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জানান, বেপরোয়া ট্রাকটি তাদের হেফাজতে আছে। তবে চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, (পাবনা) 


















