দিনাজপুরের খানসামায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে যাওয়ার পথে ব্যবসায়ীর ম্যানেজারকে শ্বাসরোধ করে ৪লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত ১লা ফেব্রুয়ারি শনিবার রাত ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গাঢ়পাড়া গ্রামের জহুরুল হাজির পুকুরপাড় কালভার্ট এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার পাকেরহাটের ব্যবসায়ী জিকরুল হকের লাবীবা টেলিকম অ্যান্ড খিদমা আতর হাউজের ম্যানেজার ব্রজেন অন্যান্য দিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌঁছলে ৩ জনের একটি ছিনতাইকারী দল তাকে আটক করে। এসময় ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে এবং তার নিকট ব্যাগে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ম্যানেজার ব্রজেন বলেন, পাকেরহাট থেকে বাড়িতে ফেরার পথে রাস্তায় আমাকে তিনজন মুখোশ পরিহিত ব্যক্তি আক্রমণ করে। তারা আমার গলা চেপে ধরে মারপিট শুরু করে। আমি চিৎকার করলে তারা আমাকে ফেলে দিয়ে আমার নিকট থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ব্যবসায়ী জিকরুল হক বলেন, আমার দোকানের ম্যানেজার ব্রজেন দোকান বন্ধ করে কালিতলা পর্যন্ত আমার এক ভাতিজার সঙ্গে আসে এবং অবশিষ্ট পথ সে একাকী আসে। ওই স্থানে ওতপেতে থাকা ৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে গাড়ির চাবি বন্ধ করে এবং তার নিকট থাকা ব্যাগ নিয়ে টানা-হেঁচড়া করতে থাকে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে মাটিতে ফেলে শ্বাসরোধ করার চেষ্টা করে। ফলে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছেড়ে দিয়ে চিৎকার করে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। সে বাড়িতে আসার পথে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে নিয়মিত মামলা রুজু করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















