গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত একটি অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ মিয়া (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কের মেসার্স শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের মধু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের দিকে আব্দুল্লাহ মিয়া বাড়ি থেকে টায়ার নিয়ে খেলতে খেলতে ওই ফিলিং স্টেশনের রাস্তায় আসে। এরই মধ্যে রাস্তা পার হতেই গাইবান্ধাগামী একটি অটোরিকশার নিচে পড়ে যায়। এসময় গাড়িটির চাকা তার বুকে উঠে মারাত্মকভাবে আহত হয়। তখন স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল্লাহ মিয়া মারা যায়।
এদিকে, এলাকাবাসীর অভিযোগ- মেসার্স শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানের সড়কের পাশে বিশাল একটি মেহগনি গাছ রাস্তার দিকে হেলে পড়েছে। এ গাছটির সঙ্গে যানবাহনের ধাক্কা লেগে ইতোমধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। একইভাবে শিশু আব্দুল্লাহ মিয়ারও মৃত্যু হলো। এ স্থান থেকে হেলেপড়া ওই গাছটি অপসারণ করা না হলে আবারও যেকোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। তবে হেলেপড়া গাছের কারনে প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 












