বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ২ নম্বর নন্দীগ্রাম ইউনিয়নের কৈডালা গ্রামের কৃতী সন্তান ফারুক আহমেদ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই পদোন্নতিতে নন্দীগ্রাম উপজেলাসহ সমগ্র বগুড়া জেলায় আনন্দ ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি উপমহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর পদোন্নতির বিষয়টি জানানো হয়। ফারুক আহমেদের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি নন্দীগ্রাম উপজেলার জন্যও এক গৌরবময় অধ্যায়। একটি প্রত্যন্ত গ্রামের সন্তান হিসেবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদে অধিষ্ঠিত হওয়া নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।
নন্দীগ্রাম উপজেলার রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর এই পদোন্নতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই বলছেন, ফারুক আহমেদের সাফল্য নন্দীগ্রামের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কৈডালা গ্রামের বাসিন্দারাও নিজেদের গর্বিত মনে করছেন। গ্রামের প্রবীণ ও তরুণদের মধ্যে এ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েন। সেইসাথে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর অভিজ্ঞতা আগামীদিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। উল্লেখ্য, ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।
নাজমুল হুদা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 
















