গাইবান্ধায় ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিকাশ এগিয়ে নিতে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১জুন) সকালে শহরের দেশিভোজ রেস্টুরেন্টের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও প্লান ইন্টারন্যাশনালের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্বাধীনতা’ প্রকল্পের অধীনে এ কর্মশালার আয়োজন করে ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
কর্মশালায় বক্তৃতা দেন স্বাধীনতা প্রকল্পের প্রতিনিধি রিফাতুন্নবী রিফাত, আল হুমায়রা জান্নাতি ঐশি, রংপুর ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সমন্বয়কারী প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।
উক্ত কর্মশালায় বক্তারা বর্তমানে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের মতপ্রকাশের সুযোগ বাড়ালেও এর নিরাপদ, দায়িত্বশীলতা ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন তারা।
এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ তরুণ-তরুণী কর্মশালায় অংশ নেন। মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















