গাইবান্ধার সুন্দরগঞ্জে আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কবার্তা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত ‘জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহর সভাপতিত্বে প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মো. রেজাউল আলম, ইউপি সদস্য মো. জবেদ আলী, ইউপি সদস্য মো. আবুল হোসেন, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, উদ্যোক্তা জিয়াউর রহমান সরকার রয়েল, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট অফিসার মোছা. ডলি সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর বিজলী রানী মহন্ত, জাফর ইমাম, চামেলী বেগম প্রমুখ।
প্রশিক্ষণে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাকশন গ্রুপের (ক্রাগ) সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কবার্তার গুরুত্ব, দুর্যোগপূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাসে স্থানীয় জনগণের ভূমিকা এবং দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সময়মতো সঠিক তথ্য ও আগাম সতর্কবার্তা মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও প্রস্তুত করতে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















