সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থলে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক শ্রী শিবেন্দ্রনাথ রায় শিবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শ্রীশ্রী রাধাগিরিধারী ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের লালমনিহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী গুরুচরণ রায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শ্রী দুলাল কর্মকার, শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সহ-সভাপতি ও ট্রাস্টি শ্রী চিত্তরঞ্জন রায় মন্টু ও ট্রাস্টি শ্রী সুবল চন্দ্র বর্মন।
এদিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশজুড়ে আনন্দ উৎসবের অংশ হিসেবে লালমনিরহাটে স্থানীয় মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা শেষে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দিন ব্যাপি গীতাংশ পাঠ, ভক্তি গান ও নৃত্য প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ শাহজাহান সাজু. করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 










