লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা ও সার সিন্ডিকেট ভেঙে ফেলার দাবিতে মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় আধা ঘণ্টা সময় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
রোববার ৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় অবস্থিত ‘বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন’র গোডাউনের সামনের মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এই অবরোধ কর্মসূচি পালন করেন কৃষকরা।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, সারের চরম মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে প্রয়োগ করতে পারছেন না। ফলে ফসলের মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সার সিন্ডিকেট ভাঙার দাবিতে তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে জেলা প্রশাসনের ইতিবাচক আশ্বাসের ভিত্তিতে প্রায় আধা ঘণ্টা পর কৃষকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জানান, জেলায় সারের কোনো বাস্তব সংকট নেই। মূলত হাতীবান্ধা উপজেলার একটি ইউনিয়নে সার বিতরণের খবরে অন্যান্য এলাকার কৃষকরা মহেন্দ্রনগরে চলে আসায় একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
তিনি আরো বলেন, জেলায় সারের ঘাটতি নেই। তবে সারের সরবরাহ বা বিতরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ শাহজাহান সাজু. করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 













