‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিনের সভাপতিত্বে ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজমের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, ইউআরসির ইন্সট্রাক্টর শামসুল আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু ও মহেশ চন্দ্র দেবনাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আর শিক্ষার মূল ভিত্তি হলো সাক্ষরতা। সাক্ষরতার মাধ্যমে মানুষ নিজের অধিকার, দায়িত্ব ও সমাজের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
নাজমুল হুদা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 


















