গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ সুষ্ঠুভাবে পরিচালনায় চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। এতে এটিএম রশিদুল ইসলাম শোভনকে সভাপতি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ খাদেমুল ইসলাম। তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. আমিনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ কমিটিতে সভাপতি করা হয়েছে এটিএম রশিদুল ইসলাম শোভনকে। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. আব্দুল মোনায়েম এবং অভিভাবক সদস্য করা হয়েছে মো. রুহুল আমিনকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষকে সদস্য-সচিব করা হয়েছে।
এটিএম রশিদুল ইসলাম শোভন গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক। তিনি ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক। এছাড়া তিনি “গাইবান্ধা অ্যাসোসিয়েশন বগুড়া”-এর সভাপতি।
অভিভাবকরা বলছেন, আমরা চাই প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ভালো থাকুক, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল বাড়ুক এবং কোনো ধরনের বিরোধ যেন শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব না ফেলে। নতুন কমিটির মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক পরিবেশ তৈরি হবে বলে আমরা আশা করছি।
এ বিষয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি এটিএম রশিদুল ইসলাম শোভন বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানো হবে আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ নয়, প্রতিষ্ঠানের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















