গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে দিনের দিশারী মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা হাছান আলীর বিরুদ্ধে এক সাবেক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে পরিস্থিতি উত্তপ্তের চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মাদরাসা-সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী ইউনিয়নের পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের জনৈক এক ব্যক্তি শুক্রবার সকালে স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে মাদরাসা প্রাঙ্গণে যান। এ সময় তার ভুক্তভোগী মেয়েও সঙ্গে ছিলেন। এসময় মাদরাসা এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা তাদের আটকে রাখেন। পরে মাদরাসা কর্তৃপক্ষ ৯৯৯ নম্বরে ফোন করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ছাত্রীর মাসহ অন্যান্যদের থানায় নিয়ে যায়।
মাদরাসা কর্তৃপক্ষের দাবি, প্রায় এক মাস আগে মাদরাসার প্রতিষ্ঠাতা হাছান আলীর বিরুদ্ধে সাবেক ছাত্রীকে স্পর্শ করার অভিযোগ তোলেন। পরে এ অভিযোগের সূত্র ধরে হাছান আলীর কাছে টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় কয়েক দিন আগে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন বলে দাবি মাদরাসা কর্তৃপক্ষের।
অভিযোগের বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাছান আলী বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। ওই ছাত্রীকে তিনি সন্তানের মতো দেখতেন। দরিদ্র পরিবারের হওয়ায় তার কাছ থেকে প্রতিমাসে ৫০০ টাকা কম নেওয়া হতো বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে ছাত্রীর বাবা বলেন, আমরা কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে আসিনি। আমরা কোনো মব বা বিশৃঙ্খলার চেষ্টা করিনি। আমরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। প্রতিশোধ চাই না। আমার মেয়ের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হুদা বলেন, স্থানীয়দের হাতে আটক ছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এরপর ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হবে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমিও ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়ের পরিবারের অভিযোগ থাকায় তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের থানায় নেওয়ার অন্য কোনো কারণ নেই। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















