দিনাজপুরের খানসামা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে অতিরিক্ত আগাছানাশক স্প্রে করে ফসল নষ্টের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বেশার পণ্ডিতপাড়া এলাকার শামসুল হকের ছেলে মনিরুজ্জামান মিতুল ও তাঁর পরিবার গোয়ালডিহি মৌজার ৭৭৬ নম্বর এসএ খতিয়ানের ১৭৭০৭, ১৭৭১৪ ও ৫৭৫৩ দাগে দলিলমূলে প্রাপ্ত ১০৪ শতক জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছিলেন। জমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হলে এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
মিতুলের অভিযোগ, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ অক্টোবর শুক্রবার ভোরে একই এলাকার সহিদুল ইসলাম, মুকুল হোসেন ও আতাউর রহমানসহ ১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাঁদের ধানক্ষেতে অতিরিক্ত আগাছানাশক স্প্রে করে দেন। এতে প্রায় দেড় লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি খানসামা থানায় অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পুলিশ জানায়, মামলার এজাহারনামীয় তিন আসামি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাও. আতাউর রহমান, তাঁর ছেলে আরাফাত হোসেন এবং ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে নুর ইসলামকে ১৬ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ধানক্ষেতে আগাছানাশক স্প্রে করে ফসল নষ্টের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















