দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশুসন্তানসহ স্বর্ণা বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী শাকিল হোসেন (২৬), শ্বশুর মাহাতাব উদ্দিন ও শাশুড়ি রহমত আলা তারাবিবিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন শাকিল।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণার দুই সন্তান সাফায়াত হোসেন (২) ও রাইফা জুরাইনার (৯ মাস) মরদেহ ঘরের বিছানায় এবং স্বর্ণার মরদেহ মেঝেতে পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী এলাকার খাইরুল ইসলামের মেয়ে স্বর্ণার সঙ্গে শাকিলের বিয়ে হয়। তাঁদের সংসারে অভাব-অনটন ছিল। শাকিলের মাদক সেবন নিয়ে মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহত স্বর্ণার বাবা খাইরুল ইসলাম সোমবার দুপুরে চিরিরবন্দর থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ, সিআইডি ও ক্রাইমসিন বিশেষজ্ঞরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আনোয়ার হোসেন বলেন, আলামত সংগ্রহ ও সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সহায়তা পাওয়া যাবে।
চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন-নবী বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















