তোফায়েল ও শামীম: শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থী ও মেসার্স আফরিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী আব্দুর রশিদ মিয়া। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ) দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনকালে আব্দুর রশিদ মিয়া হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আব্দুর রশিদ মিয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবেন এবং নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে পালন করবেন—এটাই প্রত্যাশা।
এ সময় পূজামণ্ডপের আয়োজকেরা তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ধর্মীয় উৎসবের সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এমন সহযোগিতা আয়োজকদের উৎসাহিত করে। পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ মিয়া দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ থেকে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন।
চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থী হিসেবে আব্দুর রশিদ মিয়ার কাছে এলাকাবাসীর প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মিয়া বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জামালপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমার কাছে দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই সমান। ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, ভাঙাচোরা সড়ক সংস্কার এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজ করার বিষয়ে অগ্রাধিকার দেব।
তোফায়েল ও শামীম 


















