দিনাজপুরের চিরিরবন্দরে মসজিদের ইমামকে কে বা কারা হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি দিয়েছে। এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছেন ওই ইমাম।
জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের মালুয়াপাড়া নিবাসী আলোকডিহি জান বকস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শহীদুল ইসলাম। তিনি শিক্ষকতার পাশাপাশি দীর্ঘ ২৭ বছর যাবৎ মালুয়াপাড়াস্থ বায়তুল জান্নাত জামে মসজিদে ইমামতি করে আসছেন।
শুক্রবার জুম’আর নামাজে খুতবা পাঠের ডায়াসের উপরে কে বা কারা একটি কাগজ রেখে যান। ইমাম মো. শহীদুল ইসলাম জুম’আর নামাজের পূর্বে খুতবা দেয়ার জন্য মিম্বরে দাঁড়ালে তিনি একটি কাগজ দেখতে পান। খুতবা শেষে তিনি কাগজটি পড়ার জন্য খুললে দেখতে পান তাঁকে হত্যার হুমকি দিয়ে ওই চিঠিটি দেয়া হয়েছে। তাৎক্ষণিক তিনি মসজিদ কমিটির সভাপতি, সম্পাদকসহ সকল মুসল্লীদের চিঠিটি পাঠ করে শোনান।
এ ঘটনায় মুসল্লীরা এ ধরণের হুমকি প্রদানের বিষয়টির তীব্র নিন্দা জানান। বর্তমানে আলোকডিহি জান বকস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ইমাম মো. শহীদুল ইসলাম চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কার মধ্যদিয়ে দিনাতিপাত করছেন। এ ঘটনায় তিনি গত ২১ অক্টোবর বুধবার চিরিরবন্দর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১১০৮।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















