আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে নদীতে গোসল করতে নেমেছিলেন নিয়ন হুদা (৪০)। তার সঙ্গে নদীতে নেমেছিলেন আরও তিনজন। তবে তারা তীরে ফিরলেও নিখোঁজ রয়েছেন নিয়ন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
স্বজন মনিরুল হক সজিব জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন নিয়ন। বুধবার বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান তিনি। পরদিন দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন তীরে উঠে এলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুর থেকে ডুবুরি দলের সহযোগিতা চাওয়া হয়।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান চালানো হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















