গাইবান্ধার সাদুল্লাপুরে বিভিন্ন অভিযোগের মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেছেন অভিযুক্ত আলতাফ হোসেন ও আনোয়ার হোসেন খোকা এবং তাদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে তাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার কামারপাড়া ইউনিয়নের মধ্য হাটবামুনি এলাকায় যাওয়া হলে আলতাফ ও আনোয়ারের পরিবারের মধ্যে চরম উদ্বেগ দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামারপাড়া ইউনিয়নের মধ্য হাটবামুনি গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে আজগার আলী এবং একই গ্রামের মৃত পরবাসুর ছেলে আনোয়ার হোসেনের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধের প্রেক্ষাপটে প্রতিবেশী মৃত জেলাল উদ্দিনের ছেলে ও স্থানীয় পশ্চিম হাটবামুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন, তার স্ত্রী স্মৃতি বেগম ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি ও শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগে গত ১৯ অক্টোবর মামলা করেন আজগার আলী।
স্থানীয় বাসিন্দা নুরুল আমিন ও মুকুল মিয়াসহ আরও অনেকে বলেন, আলতাফ হোসেন পেশায় একজন স্কুলশিক্ষক। তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আজগার আলী মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছেন। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তারা।
এ বিষয়ে আলতাফ হোসেন ও আনোয়ার হোসেন খোকা জানান, আজগার আলী তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। জমিসংক্রান্ত বিরোধের জেরে তাদের হয়রানি করতেই এসব মামলা করা হয়েছে।
তাদের দাবি, সম্প্রতি আজগার আলী একটি ফাঁকা জমিতে হঠাৎ অস্থায়ী ঘর তোলেন। পরে নিজেরাই সেই ঘরে আগুন দিয়ে তাদের ওপর দোষ চাপান এবং থানায় অভিযোগ দায়ের করেন। এভাবে একের পর এক মিথ্যা অভিযোগ তুলে তাদের ক্রমাগত হয়রানি করা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন আলতাফ ও খোকা পক্ষ।
অন্যদিকে অভিযোগকারী আজগার আলী বলেন, আমি যে বিষয়ে মামলা করেছি, তা সত্য ও সঠিক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মধ্য হাটবামুনি গ্রামের আজগার আলী একটি মামলা করেছেন এবং এর পাশাপাশি আরও একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়গুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















