পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ময়মনসিংহের ত্রিশালে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BYO Development Foundation)। সংগঠনটির ‘Let’s Build a Green Bangladesh’ প্রকল্পের আওতায় এটি ৩১তম শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে অংশগ্রহণ করে।
কর্মসূচিটি স্থানীয় পর্যায়ে সমন্বয় করেন বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অফিস কো-অর্ডিনেটর খাদিজা খাতুন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘Let’s Build a Green Bangladesh’ প্রকল্পের আওতায় নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে প্রায় ৩০টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পরিকল্পনা ও নেতৃত্বে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটির উদ্দেশ্য সম্পর্কে সংগঠনটির নির্বাহী পরিচালক বলেন, ‘একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হলে পরিবেশ রক্ষার চর্চা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু করতে হবে। শিক্ষার্থীরা যখন নিজেরাই বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেয়, তখন তাদের মধ্যে দায়িত্ববোধ, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা তৈরি হয়। আমাদের লক্ষ্য এ ইতিবাচক চর্চাকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া।’
ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৪০টির বেশি জেলায় পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর নেটওয়ার্কের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির প্রত্যাশা, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব অভ্যাসকে সামাজিক চর্চায় পরিণত করা সম্ভব হবে। এর মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















