তোফায়েল হোসেন জাকির: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ গাইবান্ধা জেলায় বেড়েই চলছে । গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮৩০ জন ও মৃত্যুবরণ করেছেন ২০ জন। বর্তমানে করোনায় ২৯২ জন রোগি চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (৩০ জুন) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায় গত ২৪ ঘন্টায় জেলা সদরে ১৪ জন, সাদুল্লাপুরে ৫ জন, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে ২ জন করে, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় একজন করেসহ মোট শনাক্ত হয়েছেন ২৫ জন।
গাইবান্ধা জেলায় করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারি-বেসরকারি ২৫ টি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে রোগিদের জন্য বেড রয়েছে ৬৭১ টি। চিকিৎসাসেবায় ১৫৪ জন ডাক্তার ও নার্স রয়েছেন ২০৯ জন। তারা শুধু মাত্র করোনার চিকিৎসায় নিয়োজিত থাকছেন। এছাড়া করোনায় আক্রান্ত রোগিদের জরুরি চিকিৎসায় স্থানান্তরের নিমিত্তে পৃথকভাবে ২ টি এ্যাম্বুলেন্স ও ২ টি মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ১০০ বেডের আইসোলেসনেরও ব্যবস্থা রয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান বলেন, করোনা চিকিৎসার জন্য সকল সামগ্রীসহ ডাক্তার-নার্সদের সুরক্ষার সামগ্রীও মজুদ রাখা হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কোভিডের বর্জ্য ধ্বংস করা হচ্ছে। আগের তুলনায় সম্প্রতি সংক্রমণ বাড়ছে বলে জানান তিনি।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোথে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হবে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করবেন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 

















