দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে ঘটনাস্থলেই ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরো ১ জন আহত হয়েছে। হতাহতরা বজ্রপাতের সময় তারা দীঘিতে মাছ ধরছিল। এ বজ্রপাতের ঘটনাটি সোমবার ২৩ আগস্ট বিকেল আনুমানিক ৪টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের পীরপাড়ায় ঘটেছে। বজ্রপাতে সাইমুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৫), আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২৪), মকছেদ আলী শাহ্র ছেলে নুর ইসলাম (২৫) নিহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে অশ্বীনিয়া পুকুরে বৃষ্টির সময় তারা মাছ ধরতে গিয়েছিল। এসময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা গিয়ে ডুবে যায়। পরে এলাকাবাসি পানিরে নিচ হতে তাদের মরদেহ উদ্ধার করে। বজ্রপাতে আল মামুন (২৩) নামে আরেকজন আহত হয়েছে। সে একটু দূরে অবস্থান করে মাছ ধরায় সে প্রাণে বেঁচে গেছেন বলে স্থানীয়রা জানান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জাগো২৪.নেট-কে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















