গাইবান্ধার নশরতপুরে মানসিক ভারসাম্যহীন থেকে সুস্থ হয়ে উঠা অসহায় সেলিমকে দোকানঘর উপহার দিলেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
বুধবার (১ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে গণ উন্নয়ন কেন্দ্র অফিস সংলগ্ন নশরতপুরে মানসিক ভারসাম্যহীন ( বর্তমানে সুস্থ) অসহায় কর্মহীন সেলিমকে তার বাসার পাশে ফিতা কেটে সদাইপাতি নামে দোকানের উদ্বোধন করেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। একই সঙ্গে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নূর আলম সিদ্দিক, ট্রাফিক অফিসার তৌহিদ, রেজা, ইউপি সদস্য ছাবেদ আলী, সাংবাদিক গৌতম আসিস গুহ, উজ্জ্বল চক্রবর্তী, সঞ্জয় সাহা, এস,এম বিপ্লব ইসলাম, কায়সার প্লাবন, আমিনুর রহমান প্রমুখ।
এসময় পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জেলা পুলিশ তাদের সরকারি কাজের পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে থাকেন এবং তা অব্যাহত আছে। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হওয়াদের নিশ্চিত করাসহ পরিবারের কোনো সমস্যা হলে তাদের খাবারের ব্যবস্থা করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে তাকে এই সহযোগীতা করা হয়েছে।
তিনি আরো বলেন, ২০২০ সালের ৮ জুন বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে জানতে পারি সেলিম নামে একজন মানসিক প্রতিবন্ধী রয়েছে এবং শিকলে বাঁধা। চিকিৎসার অভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে ১৫ জুন পাবনায় মানসিক হাসপাতালে জেলা পুলিশের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করলে ৪ মাস চিকিৎসাধীন থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেলিম যেন ভালভাবে জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্য তাকে উপকরণসহ দোকানঘর ও নগদ অর্থ উপহার প্রদান করেন। এছাড়াও অন্য কারো পরিবারের খাদ্য সংকট থাকলে তাদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
মো. রাতুল মিয়া, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















