গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে আজিজুল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মশিউর রহমানকে (২৮) গাজীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার মশিউর রহমান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর গ্রামের জসিজল হকের ছেলে।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-১৩ গাইবান্ধা ও এসআরবি-১-এর পোড়াবাড়ী, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আজিজুল মিয়ার পরিবারের সঙ্গে অভিযুক্তদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১৪ অক্টোবর দুপুরে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে গোয়ালঘর নির্মাণ শুরু করলে আজিজুল সেখানে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী শাপলা বেগমকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আজিজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর রাত ১০টা ৩৯ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে মশিউর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















