গাইবান্ধার সাদুল্লাপুরে এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগে আরিফুল হক মন্ডল নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফুল হক মন্ডল ধাপেরহাট পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ওই এলাকার একটি বাড়িতে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করছিলেন আরিফুল। এ সময় পাশের বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে তার মোবাইল ফোনে ভিডিও ধারণের আলামত দেখতে পান বলে দাবি করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে মারধর করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করেন।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত আরিফুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাদুল্লাপুর জোনাল অফিসের ডিজিএম মো. নূরুল সামছুল হুদা বলেন, আরিফুলকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব বলেন, এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















