বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে কোনো একসময় নাটোর-বগুড়া মহাসড়কসংলগ্ন নন্দীগ্রাম উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে দোকানপাট ও বাড়িঘরের ফেলে রাখা ময়লার স্তূপে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি অসাধুচক্র দূর থেকে আগুনের ছবি ও ভিডিও ধারণ করে। পরে এআই প্রযুক্তির মাধ্যমে সেগুলো সম্পাদনা করে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা হিসেবে প্রচার করা হয়।
তিনি আরও বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এলাকা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক বাড়ি হওয়ায় একটি মহল রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে ময়লার স্তূপে আগুন লাগার ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অথচ প্রকৃত ঘটনা সম্পূর্ণ ভিন্ন।
আলাউদ্দিন সরকার দাবি করেন, আগুনের ঘটনায় মহাসড়কের পাশে অবস্থিত নন্দীগ্রাম উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের ভেতরে, বাইরে কিংবা আশপাশের কোথাও আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত হয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এ মিথ্যা প্রচারের মুখোশ উন্মোচন করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য আমরা নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসী ও এলাকাবাসীর প্রতিও আহ্বান জানাচ্ছি।
এ সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 


















