“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা ভেটেরিনারি হাসপাতাল ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সমন্বয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রদর্শনীস্থলে এসে শেষ হয়। পরে প্রদর্শনী উদ্বোধন, পরিদর্শন, আলোচনা সভা ও স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রদর্শনীতে প্রায় ২০টি স্টলে খামারি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত প্রাণিসম্পদ, আধুনিক প্রযুক্তি এবং সফলতার চিত্র তুলে ধরেন। স্টলগুলোতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্ভাবন, উন্নত জাতের পশুপাখি, প্রাণিখাদ্য ও খামার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়।
প্রদর্শনীতে বিভিন্ন জাতের হাঁস-মুরগি ও গবাদিপশুর পাশাপাশি পোষা প্রাণীও স্থান পেয়েছে। বিশেষ করে ঘোড়া এবং ব্যতিক্রমী জাতের হাঁস-মুরগি দেখতে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ দেখা যায়। প্রাণীর বৈচিত্র্য দেখতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
বক্তব্য রাখেন জেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আঃ রহিম ও জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি শেখ মজ্ঞুর আলম।
বক্তারা বলেন প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালন, উন্নত জাতের সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম, টিকাদান, কৃত্রিম প্রজনন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং এবং নারী উদ্যোক্তা সমাবেশসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
পরে ডেইরি ও পোল্ট্রি খাতে অন্যান্য অবদান রাখার জন্য ৪ জন খামারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















