সাংবাদিকতায় মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে রংপুরের বিভিন্ন পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রংপুর সার্কিট হাউস মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিআইবির সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ আয়োজনের জন্য পিআইবিকে ধন্যবাদ জানান। তিনি তথ্য সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে ভুল তথ্য এবং অপতথ্য সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি সংবাদ লেখা ও প্রস্তুতের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সালেকুজ্জামান সালেক সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অপতথ্য ও গুজবের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকেরা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা কিংবা প্রশংসা করতে পারেন। তবে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। পেশাগত নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে গোলাম মুর্শেদ প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতার জন্য রংপুর জেলা প্রশাসন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতার উন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবি প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি গবেষণা, আর্কাইভিং, উচ্চতর শিক্ষা ও প্রকাশনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিন দিনের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্য সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















