গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান খন্দকার (আসাদ খন্দকার) আহ্বায়ক এবং দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মো. জাহিদ হাসান সাগর সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সাঘাটা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান রাঙ্গাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন— কামরুল হাসান পায়েল, মো. সানোয়ার হোসেন, এস এম মিনহাজুল রাব্বী, মোকছেদুর রহমান, খালেদ হাসান, আনাম হোসেন, আলমগীর হোসেন, মির্জা মো. নূরনবী, মেহেরাব হোসেন ইমরান, মুন্সি জাহিদ সরকার, আশিকুর রহমান আশিক ও মাছিদুল ইসলাম।
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাঘাটা উপজেলার সমস্যা, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং এলাকার উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখাই হবে এ কমিটির অন্যতম লক্ষ্য।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আসাদ খন্দকার বলেন, সাঘাটা উপজেলা প্রেসক্লাবকে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার একটি শক্তিশালী এবং নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রেখে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় আমরা কাজ করব। এ জন্য সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 























