দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুৃর্বৃত্তরা। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত ২৯ নভেম্বর রবিবার ভোর ৩টা ২৫ মিনিটে ব্যাংকটির চিরিরবন্দর উপজেলার নশরতপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে।
গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, রবিবার ভোর ৩টা ২৫ মিনিটে দুর্বৃত্তরা ব্যাংকে ৩টি পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং আগুন লেগে যায়। এতে ব্যাংকের বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। ভোরের আলো ফোটার আগেই দুর্বৃত্তরা স্থানীয় নিরাপত্তাকর্মীকে ফাঁকি দিয়ে ব্যাংকের সম্মুখে তিনটি পেট্রোলবোমা ছুড়ে মারে। পুলিশ সেগুলো আলামত হিসেবে জব্দ করেছে। পেট্রোলবোমা ছোড়ার পর ব্যাংকের সামনের দেয়াল ও বারান্দায় থাকা চেয়ারে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে গ্রামীণ ব্যাংকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার, চিরিরবন্দর এরিয়া ম্যানেজার মো. জিল্লুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আতাউর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় নিরাপত্তাকর্মী মো. আব্দুল হাকিম জানান, ওই সময় দুইজন মোটরসাইকেল আরোহী পশ্চিম দিক থেকে আসে এবং গ্রামীণ টাওয়ারের নিকট মোটরসাইকেলটি ঘুরিয়ে গ্রামীণ ব্যাংকের সম্মুখে আসেন। এসেই একজন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি পেট্রোলবোমায় আগুন লাগিয়ে গ্রামীণ ব্যাংকের ভিতরে নিক্ষেপ করেন ও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তারা মোটরসাইকেল নিয়ে আবারো পশ্চিম দিকে পালিয়ে যান। মাথায় হেলমেট থাকার কারণে কাউকে চিনতে পারেননি তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আতাউর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোলবোমা নিক্ষেপে অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা তদন্ত করছি। আসামীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















