প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের মতো বগুড়ার নন্দীগ্রাম উপজেলাতেও ‘কৃষক স্মার্ট কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল ব্লকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি শুরু করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছতার সহিত মোবাইল অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ শুরু করেছেন। যা তদারকি করছেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কৃষকের ব্যক্তিগত ও কৃষি সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি প্রতিটি কৃষকের বাড়ির জিপিএস (GPS) লোকেশন মোবাইল অ্যাপসে সংরক্ষণ করা হবে। এতে কৃষকদের একটি নির্ভুল ও আধুনিক ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি কৃষি সহায়তা ও সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির আওতায় ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। কোনদিন কোন গ্রাম বা পাড়ায় এ তথ্য সংগ্রহ করা হবে, তা আগেই কৃষকদের জানিয়ে দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, তথ্য সংগ্রহের সময় কৃষককে নিজ বাড়িতে সশরীরে উপস্থিত থাকতে হবে। সঙ্গে রাখতে হবে মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এ ছাড়া কৃষকের স্ত্রী বা স্বামীকে নমিনি হিসেবে নির্ধারণ করে তাদেরও মূল জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত থাকতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে কৃষি সংক্রান্ত সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করার জন্য কৃষকদের অনুরোধ জানানো হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে উঠবে এবং ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, বিভিন্ন সেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
নাজমুল হুদা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 


















