গাইবান্ধা জেলার দক্ষ ও শিক্ষিত যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে আগামী জুলাই মাসে আয়োজন করা হবে এক চাকরি মেলা। এ মেলাটির উদ্দেশ্য সফলের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরের দিকে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর একতা ট্রেনিং সেন্টারে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও ইএসডিও ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জিহাদ আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইএসডিও গাইবান্ধা ট্রেনিং সেন্টারের প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হালিদ সোহাগ, মনিটরিং অফিসার ওসমান গনি, এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার শামীম রহমান, বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্য গীতা রানী বিশ্বাস, বিথী ইসলাম, সোহান সরকার, শিহাব ইসলাম, লিপন রহমান, জিমসহ অনেকে।
প্রতিষ্ঠাতা পরিচালক জিহাদ আকন্দ তার বক্তব্যে বলেন- জেলার দক্ষ ও শিক্ষিত যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে আগামী জুলাইয়ে চাকুরি মেলা আয়োজন করা হবে। আর এই মেলায় অংশগ্রহণকারী তরুণ-তুরণীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং নিজেদের পছন্দমতো চাকরির জন্য সিভি জমা দিতে পারবে। এতে করে বেকার তরুণরা একটি প্ল্যাটফর্ম পাবে, যার মাধ্যমে তারা নিজেদের দক্ষতা অনুযায়ী চাকরির সুযোগ লাভ করতে পারবে।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে চলেছে। শুধু মানবিক সহায়তাই নয় বরং যুব উন্নয়ন ও কর্মসংস্থান ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 















