গাইবান্ধার সুন্দরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর দোকান ও গোডাউনের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের নৈশপ্রহরী প্রথমে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পীরগাছা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্যবসায়ী মো. মিজানুর রহমানের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন তাঁর দোকান ও দুটি গোডাউনে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশের তাঁর ভাই মো. এরশাদ মিয়ার কাঠের দোকান এবং মো. হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানেও আগুন লাগে। এতে তিন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, মিজানুর রহমানের দোকান ও দুটি গোডাউনে প্রায় ২৫ লাখ টাকার মালামাল, এরশাদ মিয়ার কাঠের দোকানে এক লাখ টাকা এবং হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩৩ লাখ টাকা।
অগ্নিকাণ্ডে ব্যবসার পুঁজি ও মালামাল হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁরা ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে সুন্দরগঞ্জ ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও গোডাউন পরিদর্শন করেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোফার মোল্লাসহ স্থানীয় নেতারা।
এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি মো. সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম শামীমসহ স্থানীয় নেতারা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 








