গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামের এক যুবকের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত আবু হানিফ ওরফে নিউটন সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই যুবক দীর্ঘদিন ধরে ইসলাম বিরোধী কথা বলাসহ পবিত্র কোরআন অবমাননা করে আসছে। এনিয়ে ধর্মপ্রাণ মানুষের আঘাত হেনেছে। তাকে একাধিকবার নিষেধ করা করা হলেও ক্ষান্ত হয়নি নিউটন। এর কারনে তাকে আটক করে পুলিশের হাতে দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সাদুল্লাপুর ওলামা পরিষদের পক্ষ থেকে থানা চত্বরে বিক্ষোভ করা হয়। এসময় অভিযুক্ত নিউটনের উপর্যুক্ত বিচার দাবি জানান তারা।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, অভিযুক্ত নিউটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















