গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানের চালক। তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহত দুজনই পানের বরজে কাজ করতে যাচ্ছিলেন।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাটসংলগ্ন কামরাঙ্গার তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে এনামুল হক (৪০) ও একই এলাকার মোন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)।
আহত ব্যক্তি হলেন একই এলাকার আব্দুল হামিদ (৪১)। তিনি অটোভ্যানের চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল ও আনোয়ার পানের বরজে কাজ করার উদ্দেশ্যে আব্দুল হামিদের অটোভ্যানে করে জামাল হাটের কামরাঙ্গার তল এলাকায় যাচ্ছিলেন। পথে একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দিলে তিনজনই আহত হন। এতে ঘটনাস্থলেই এনামুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ার হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিধীন রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 








