প্রত্যন্ত গ্রামীণ জনপদের শিশুদের চিত্ত-বিনোদন ও বিভিন্ন খেলনার পাশাপাশি মেধা বিকাশের লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হয়েছে নান্দনিক শিশু পার্ক। এ শিশু পার্কে শোভা পাচ্ছে শিশুদের বিভিন্ন প্রকার খেলাধুলার রাইড ও বিভিন্ন প্রজাতির পশু-পাখির ম্যুরাল। খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে এ শিশু পার্কটি নির্মাণ করা হয়। গত ৯ জুন বুধবার এ শিশু পার্কটির ভার্চুয়ালি উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এ শিশুপার্কে শিশুদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন খেলনার পাশাপাশি মেধা বিকাশের জন্য নির্মাণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির পশু-পাখির ম্যুরাল। এতে শিশু ও দর্শনার্থীরা শুধু বিনোদন ও বেড়ানোই নয়, হারিয়ে যাওয়া বিভিন্ন পশু-পাখির ছবির সাথে পরিচিত ও শিক্ষাও গ্রহণ করতে পারবে। এ শিশু পার্কে চলাচলের জন্য রয়েছে এক হাজার ৭০০ ফুট দৈর্ঘ্যরে ফুটপাথও।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য উপজেলা পরিষদ চত্বরে এ ধরনের একটি পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পার্কে বিভিন্ন প্রাণির ম্যুরাল ও রাইড স্থাপন ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশুরা সুন্দর সময় কাটাতে পারবে। তাদের শারীরিক ও মানষিক বিকাশে সহায়ক হবে। পাশাপাশি বিভিন্ন দপ্তরে আগত সেবাগ্রহীতারাও অবসর সময় কাটাতে পারবে এবং পার্কটিতে বিচরণ করে মানসিক প্রশান্তি অনুভব করতে পারবে বলে আশা করি।
পার্কটির উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















