আগামী সংসদ নির্বাচনে পাবনা সদর ৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ ইকবাল হোসাইনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে নেতাকর্মীদের একাংশ।
একই সাথে এই আসনে কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা আব্দুর রহিম অধিকতর যোগ্য নেতা জানিয়ে তাঁকে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী করার দাবী জানান তারা। গতকাল বিকেলে পুষ্পপাড়া বাজারে প্রদর্শিত এ
মানববন্ধনে বিক্ষুদ্ধরা বলেন, সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানের ঘনিষ্ঠ সহচর মাওলানা আব্দুর রহিম পাবনায় জামায়াতের সংগঠন বেগবানে ভূমিকা রেখেছেন।
রাজনৈতিক জীবনের ত্যাগ, সততা, জনপ্রিয়তা ও কর্মদক্ষতায় জেলায় যেকোন প্রার্থীর চেয়ে তিনি যোগ্য। ইকবাল হোসাইনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ বিক্ষোভকারীরা তুলে ধরেন।
বিক্ষুদ্ধরা আরো বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নানা অপকর্মে জড়িয়ে প্রিন্সিপাল ইকবাল জামায়াতের প্রার্থীতার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। যা কেন্দ্রীয় নেতারাও জানেন।
বিষয়টি আমলে নিয়ে অবিলম্বে মাওলানা আব্দুর রহিমকে সদর আসনের সংসদ সদস্য প্রার্থী করতে জামায়াতের কেন্দ্রীয় পরিষদের প্রতি দাবীও জানান। এ সময় ইকবালের অপকর্মের ফিরিস্তি সম্বলিত লিফলেটও বিতরণ করেন তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আতাইকুলা ইউপি জামায়াতের সহ সভাপতি নবাব আলী, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বর মোফাজ্জল হোসেন, ৮ নং ওয়ার্ড জামায়াত নেতা আব্দুল হক আনোয়ারীসহ বিপুল সংখ্যক দলীয় সমর্থক অংশ নেন।
মাসুদ রানা. করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 















