গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘সচেতন সমাজ ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
এ সময় বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার মো. রুপাল মিয়া, আশেয়া সিদ্দিকা, সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, গণমাধ্যমকর্মী মোশাররফ হোসেন বুলু, একেএম শামসুল হক, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, মিজানুর রহমান, আনিসুর রহমান আগুন প্রমুখ।
উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সত্যনিষ্ঠ ও দায়িত্বপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে।
বক্তারা আরও বলেন, গণমাধ্যম শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সামাজিক অন্যায়, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তরুণ সাংবাদিকদের দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনে গণমাধ্যমকে হতে হবে সমাজের দর্পণ ও দিকনির্দেশক শক্তি।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















