পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ‘লেটস বিল্ড আ গ্রীন বাংলাদেশ’ শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) গাইবান্ধার চক গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শামীমা সুলতানা ও বিওয়াও ডেভেলমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষিকা শামীমা সুলতানা বলেন, নিজেদের শরীর, ঘরবাড়ি, বিদ্যালয় এবং আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, বরং এটি একটি দায়িত্ব, যা প্রত্যেকের জীবনে চর্চা করা প্রয়োজন।
এ সময় জিহাদ আকন্দ বলেন, বিদ্যালয় এমন একটি স্থান যেখানে শিক্ষার্থীরা তাদের দিনের একটি বড় অংশ কাটায়। তাই বিদ্যালয়কে সবসময় পরিষ্কার, সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখা সবার দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, পরিবেশ নোংরা না করা এবং অন্যদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করার আহ্বান জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















