করোনা পরিস্থিতে কর্মহীন হয়ে পড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩ হাজার ৩০০ পরিবার পাবেন প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী। এরই মধ্যে এসব সামগ্রী বিতরণ শুরু করেছে প্রশাসন।
বুধবার (৭ জুলাই) বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০৩ জন সিএনজি চালকদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়।
প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, লবণ, পিঁয়াজ, সোয়াবিন তেল ও ১টি সাবান দেয়া হয়েছে।
এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সহকারী কমিশনার(ভূমি) নাজির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, থানার এসআই মমিরুল ইসলাম, উপজেলা বেবী ট্যাক্সি ও ট্যাম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মুকুল, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু প্রমূখ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার এই দুর্যোগের সময় খাদ্যাভাবে দেশের একটি মানুষকেও না খেয়ে মরতে দেবেন না। সরকার ঘোষিত লকডাউনের মধ্যে নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য তিনি উপস্থিত সিএনজি চালকদেরকে অনুরোধ জানান।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম জানান, করোনায় কর্মহীন হয়ে পড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩ হাজার ৩০০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু,আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ, আধা কেজি পিঁয়াজ, আধা কেজি সোয়াবিন তেল ও ১টি সাবান দেয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















