ছেলের বৌ-ভাতের জন্য মাছ কিনে আর বাড়ি ফেরা হলো না আপন সরকারের (৪৫)। ঘাতক ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল আপন সরকারের। এ সড়ক দূর্ঘটনাটি ১৫ জুলাই বৃহস্পতিবার সকালে দিনাজপুর-পার্বতীপুর সড়কের শেখপুরা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সামনে ঘটেছে। নিহত আপন সরকার চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্ট হাটখোলা এলাকার নিরেন্দ্র নাথ সরকারের ছেলে।
জানা গেছে, ওই সময় আপন সরকার মোটরসাইকেল যোগে তার ছেলের বৌভাত অনুষ্ঠানের জন্য মাছ কিনতে দিনাজপুর শহরে যাচ্ছিল। এসময় ওইস্থানে পৌঁছলে দিনাজপুর থেকে পার্বতীপুরগামী একটি বালুবাহি ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে যান আপন সরকার। এতে তিনি গুরু আহত হন। স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আরো জানা গেছে, গত ১৪ জুলাই দিবাগত রাতে আপন সরকারের ছেলে শিপন সরকারের বিয়ে হয়। আজ ১৫ জুলাই বৃহস্পতিবার ছিল বৌ-ভাত অনুষ্ঠান। এজন্য তিনি মোটরসাইকেল যোগে দিনাজপুর শহরে মাছ কেনার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটে এ দূর্ঘটনা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জাগো১৪.নেট-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















