কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে সারা দেশে একই দিনে এক কোটি মানুষকে প্রথম ডোজ টিকাদানের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় টিকাদান কার্যক্রম চলছে। এ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিনটি কেন্দ্রতে নিরলসভাবে কাজ করছে স্বাস্থ্য সহকারী ইয়াসমিন খাতুন।
শনিবার সকাল থেকে ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া ক্লিনিক কেন্দ্রসহ আরও দুইটি কেন্দ্রে প্রথম ডোজের টিকা নিতে আসা মানুষদের উপচেপড়া ভির দেখা গেছে।
জানা যায়, করোনার টিকাদানে সর্বোচ্চ সফলতা দেখিয়েছে বাংলাদেশ। লক্ষ্যমাত্রার বাকি থাকা মানুষদেরও এই মাসের মধ্যেই টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ‘১ দিনে ১ কোটি’ টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শনিবার একযোগে ধাপেরহাট ইউনিয়নের ৩ টি কেন্দ্রসহ সাদুল্লাপুর উপজেলার ৩৩ টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। কোন নিবন্ধন ছাড়াই প্রথম ডোজের টিকা নেওয়ার সুযোগ পেয়েছে মানুষেরা। ইউনিয়ন পর্যায়ে তিনটি করে কেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রে অতিরিক্ত মোবাইল টিম ও আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করেছে।
ধাপেরহাট ইউনিয়নের বাসিন্দা আজাদুল ইসলাম নামের এক ব্যক্তি জাগো২৪.নেট-কে বলেন, আমাদের ইউনিয়নে স্বাস্থ্য সহকারী হিসেবে ইয়াসমিন খাতুনকে পেয়ে আমরা অনেকটাই উপকৃত হচ্ছি। করোনা পরিস্থিতি শুরু থেকে মাঠে কাজ করছে ইয়াসমিন। করোনার সংক্রমণ বিস্তার রোধে নানা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ অব্যাহত রেখেছেন তিনি। আমি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন ধাপেরহাট ইউনিয়নের দায়িত্বরত স্বাস্থ্য সহকারী ইয়াসমিন খাতুন জাগো২৪.নেট-কে জানান, সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে প্রথম ডোজের টিকা নিশ্চিত করা হচ্ছে। এ ইউনিয়নের সদরপাড়া ক্লিনিক নামের কেন্দ্রতে প্রায় এক হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















