বাংলাদেশ আওয়ামীলীগের ২২ এর (১) ধারা লঙ্ঘন করে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভা আহ্বান ও অনুষ্ঠান করেছে সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব। এরই প্রতিবাদে এক জরুরি সভা শেষে পাল্টা সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার।
সোমবার (৩১ মে) দুপুরে সাদুল্লাপুর দলীয় কার্যালয়ে এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার।
এসময় জেলা আওয়ামীলীগের নেতা মতিয়ার রহমান, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মকবুলার রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম সবুর, আব্দুর গফুর মিয়া, মতিয়ার রহমান, সৈয়দ রায়হানুল ইসলাম রবার্ট ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন প্রমুখ।
ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার তার বক্তব্যে বলেন, ৩০ মে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব বিধি বহির্ভূতভাবে ১৪৪ ধারা উপেক্ষা করে এক সভা করেছে। সেই সভায় আমাকে ভারপ্রাপ্ত সভাপতি পদ ও সদস্য পদ থেকে বাতিলের সিদ্ধান্ত গ্রহন করেছে মর্মে জানিয়েছেন। কিন্তু সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব দলীয় ২২ এর (১) ধারা লঙ্ঘন করে সভা করেছে।যা বিধিবহির্ভুত।
জাকারিয়া খন্দকার আরও বলেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লবের এহেন কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তসহ সদস্য পদ থেকে কেন বহিস্কার করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
এর আগে, অধ্যক্ষ জাকারিয়া খন্দকার কর্তৃক বিভ্রান্তি সৃষ্টি করার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব। রোববার বিকেলে পশ্চিমপাড়ার তালতলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সাদুল্লাপুর উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা উপলক্ষে দলের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ সৃষ্টির নানা চেষ্টা চলছে। তারপরেও দলের ৪৮ জন নেতাকর্মীর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভেদ সৃষ্টিকারী হিসেবে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকারকে দল থেকে অব্যহতি দেওয়া সিন্ধান্ত হয়। দল থেকে তার সদস্য পদ বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি লিখিতভাবে জানানোর কথাও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















