সদ্য অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ আ.লীগের প্রার্থী হয়েছিলেন। ভোট প্রার্থণার সময় জাকির হোসেন নামের তার এক সমর্থক ব্যতিক্রম একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটি হচ্ছে জোবায়ের হাসান নির্বাচনে বিজয় হলে তার পুকুরের মিনামূল্যে মাছ শিকারের সুযোগ দিবেন সবাইকে। এমন প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ পুকুর ধারে বড়শি দিয়ে শতাধিক নারী মাছ শিকার করেছে। অবশেষে সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন জাকির হোসেন।
শনিবার (৫ মার্চ) বিকেলে এমনই এক ব্যতিক্রম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে। এ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের হিলালী পুকুরে মনে আনন্দে বড়শি দিয়ে মাছ শিকারে মেতে উঠছিলেন উৎসুক নারীরা। এসময় তারা ধরেছে নানা প্রজাতির মাছ।
এ বিষয়ে জাকির হোসেন জাগো২৪.কমকে জানান, আমি নৌকাকে ভালোবাসি। আমার পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ লাখ টাকার মাছ রয়েছে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে আমি সকলের জন্য বিনামূল্যে মাছ শিকার উন্মুক্ত করে দিই। এর আগে বৃহস্পতিবার আশেপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে মাছ শিকার করে। বড়শি হাতে বড় বড় মাছ শিকার করে তারা বাড়ি নিয়ে যান। আজ শনিবার নারীদের পাশাপাশি অনেক পুরুষ বড়শি হাতে মাছ শিকার করতে আসছিলেন।
কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ জাগো২৪.কমকে বলেন, জাকির হোসেন একজন একনিষ্ঠ কর্মী। নির্বাচনে তিনি প্রচুর শ্রম দিয়েছেন। শুধু তাই নয়, নির্বাচনে নৌকা প্রতীকের জয় হলে তিনি তার নিজস্ব পুকুরে সবার জন্য বিনামূল্যে মাছ শিকারের প্রতিশ্রুতি দিয়ে সবাইকে চমকে দেন।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 









