গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম রফিক (৪৬) কিডনী রোগে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টা ৪০ মিনিটে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রফিকুল ইসলাম রফিক মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় দীর্ঘদিন বিএনপির রাজনীতির পাশাপাশি ঢাকায় ব্যবসা করতেন। খোদা বকস গ্রামের মৃত বদর আলী ও ছকিনা বেগম দম্পতির ছেলে।
রোববার সকালে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা মো. জোবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জেলা তাঁতী দলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি, আজিজার রহমানসহ অনেকে।
এদিকে রফিকুল ইসলাম রফিকের মত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সুশিল সামাজের ব্যক্তিরা শোক বিবৃতি দিয়েছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 








