দিনাজপুরের চিরিরবন্দরে কয়েকটি মন্দিরে গভীর রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি শনিবার উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের শ্রী শ্রী চিবুকা দেবীমন্দির, বৈদেশিরহাট কালী মন্দির, সোমবার দিবাগত রাতে ছোট বাউল সন্ন্যাসি ও মনোসা মন্দির, মহাদানী কালিমন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি রাতে চিবুকা মন্দিরের সভাপতি দুলাল রায়, ছোটবাউল সন্ন্যাসি ও মনোসা মন্দিরের সভাপতি সত্যেন রায় ও মহাদানী কালিমন্দিরের সভাপতি চন্দন সরকার বাদি হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের নামে থানায় পৃথকভাবে ৩টি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। সন্দেহভাজন আটককৃতরা হলেন-আউলিয়াপুকুর ইউনিয়নের মাহাদানী এলাকার আজিমউদ্দিনের ছেলে আকরাম আলী (৩৮), একই এলাকার আমিনুল হকের ছেলে সৌরভ আলী (২৯), একই ইউনিয়নের বড় বাউল এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে আবুল কালাম আজাদ (৩৫), সাতনালা ইউনিয়নের কবিরউদ্দিনের ছেলে রুহুল আমিন (৩০) ও খোচনা এলাকার কাশেম আলীর ছেলে মো. আউয়াল (৩০)।
স্থানীয় আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাছিবুল হাসান হাশিম বাবু, চিরিরবন্দর পূজা উদ্যাপন পরিষদ, চিরিরবন্দর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, মন্ডপের সার্বিক নিরাপত্তা ও রহস্য উদঘাটন করতে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 













