তোফায়েল হোসেন জাকির: ছইমন বেওয়া, জাকিরুল, মেহেন্নেকা ও এছাহাক ব্যাপারী । এদের মধ্যে কেউ কেউ বয়স্ক-বিধবা, কেউবা প্রতিবন্ধী। তারা দরিদ্র্যতার ধাক্কায় দলবেঁধে নেমেছেন ভিক্ষবৃত্তিতে। সকাল হলেই ছুটছেন গ্রাম থেকে শহরে। জীবিকার সংগ্রামে হাত পাতছেন বাসা-বাড়ি ও পথচারিদের কাছে। শুধু ছইমন বেওয়ারা নন। এমন অসংখ্যা ভিক্ষুকের জটলায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গাইবান্ধাবাসী।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা আদালত চত্বর, পৌরপার্ক, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, নিউ মার্কেট, সাদুল্লাপুর চৌমাথা মোড়সহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এবং জনাকীর্ণ এলাকায় হাত পাতছেন দলে দলে ভিক্ষুক।
খোঁজ নিয়ে জানা যায়, গেল করোনার প্রভাব আর দ্রব্যমূল্য অগ্নিমূল্যসহ নানা কারণে দরিদ্র্য পরিবারে বেড়েছে ভিক্ষাবৃত্তি। এছাড়া শারিরীক অক্ষমতা, পঙ্গত্ববরণ, বিধবা হওয়া, নদী ভাঙনে নিঃস্ব, অসুস্থ স্বজনের চিকিৎসাসেবা, মেয়েকে পাত্রস্থ ও সন্তানদের কাছে বিতারিত হয়ে ভিক্ষাবৃত্তিতে নামছেন তারা। তাদের কেউ বলেছেন অসুস্থ সন্তানের চিকিৎসাসেবা, রোগাক্রান্তে পঙ্গত্ববরণে ভিক্ষুক সেজেছেন। কেউবা জানিয়েছেন স্বামী মারা গেছেন, সন্তানেরা দেখেন না, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রায় ব্যয় বাড়ায় বেঁছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি পেশা। আবার অনেকে বানিজ্যিক হিসেবেও এই কাজটি করে যাচ্ছেন বলে জানা গেছে।
চকশালাইপুরের জাকিরুল ইসলাম (৪৫) জানালেন, নানা অভাব-অনটনের সংসার তার। একসময় দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। এরই মধ্যে জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়েছেন। তাই পরিবারের চাহিদা পূরণের চেষ্টায় অন্যের কাছে হাত পাতছেন তিনি।
দাড়িয়াপুরের ছইমন বেওয়া (৫৫) নামের আরেক ভিক্ষুক বলেন, এক বছর আগে আমার স্বামী মারা গেছেন। দুই ছেলের সংসার তেমন চলে না। তাই নিজেকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে।
জামালপুর ইউনিয়নের এছাহাক ব্যাপারী (৬৫) জানালেন, তার তিনটি ছেলে তেমন খোঁজখবর রাখেন না। আর সবকিছু পণ্যের দাম বেড়েই চলেছে। এতে করে ব্যয়ভার সামাল দিতে ভিক্ষা করেই স্ত্রীকে নিয়ে জীবন পার করছেন।
গাইবান্ধা নিউ মার্কেটের রিপন মিয়াসহ কয়েকজন ব্যবসায়ী জাগো২৪.নেট-কে বলেন, আগের তুলনায় ভিক্ষুকের সংখ্যা অনেকটাই বেড়েছে। বিশেষ করে সপ্তাহের প্রতি শুক্রবার দিনব্যাপী ভিক্ষুকের ভির লেগেই থাকে। তাদের আনাগোনায় অতিষ্ট সাধারণ মানুষ।
এবিষয় স্থানীয় সংবাদকর্মী শাহজাহান সোহেল বলেন, সমাজ থেকে ভিক্ষুক হ্রাস কল্পে প্রথমত: প্রতিবেশীদের সহানুভূতি হতে হবে। সেই সঙ্গে সরকারি বরাদ্দের সুবিধাগুলো জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সুষম বন্টন অবশ্যক।
গাইবান্ধা জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক ফজলুল হক জাগো২৪.নেট-কে বলেন, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ইতোমধ্যে শতাধিক নারী-পুরুষকে সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া এ কার্যক্রম চলমান রয়েছে।
তোফায়েল হোসেন জাকির 









