তোফায়েল হোসেন জাকির: প্রকৃতির খেয়ালে একটি কলাগাছে ১০ টি মোচা (থোর) বেরিয়েছে। আশ্চর্যজনক এ দৃশ্যটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে।
এমনি এক ঘটনা গাইবান্ধার জামালপুর ইউনিয়নের গোপালপুর (পুর্বপাড়া) গ্রামে ঘটেছে। এ গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে একই গাছে ১০ টি মোচা বের হওয়ায় মানুষের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। অনেককে স্থির চিত্র ও ভিডিও চিত্র ধারণ করতেও দেখা গেছে।
কলাগাছ মালিক মোজাম্মেল হক জাগো২৪.নেট-কে জানান, বাড়ির পাশে তার জমিতে সাগর কলার বাগান করেছেন। এ বাগান থেকে কিছু সংখ্যাক কলাগাছ উপড়ে ফেলেন তিনি। সম্প্রতি পরিত্যক্ত একটি গাছ থেকে ১০ টি মোচা বের হয়। অবাক এ কাণ্ডের খবর শুনে স্থানীয় লোকজন দেখার জন্য ভির করতে থাকে। এরই একপর্যায়ে সেটি যেন নষ্ট না হয়, এ বিবেচনায় কলাগাছটি বাড়ির আঙ্গিনায় পুণরায় রোপন করা হয়েছে। এখন ১০ টি মোচার মধ্যে ২ টি মোচা নষ্ট হয়েছে।
বিথি খাতুন নামের এক কিশোরী বলে, মোজাম্মেল চাচার বাড়িতে কলার মোচা দেখে যাওয়ার খবর শুনে নিজেও দেখতে এসেছি। একই গাছে থোকা থোকা মোচা দেখে বেশ ভালো লেগেছে। বাড়ির সবাইকে দেখার জন্য ছবি তুলে নিলাম।
জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মফিজল হক এ তথ্য নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, এমন ঘটনা আল্লাহর নিদর্শন-নিয়ামত। সবই পারেন সৃষ্টিকর্তা।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 















